আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। আজ রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তাঞ্জানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি। এছাড়া সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম রয়েছেন।
তাঞ্জানিয়ার আরুসায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এই বৈশ্বিক সংসদীয় সম্মেলন। সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বক্তব্য দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এবারের ১৫৩তম আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে আইপিইউ গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। এ বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সংগঠনটির নতুন সভাপতি নির্বাচন করা হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আইপিইউ সম্মেলনের সার্বিক কার্যক্রম ও নির্ধারিত বৈঠকগুলো সম্পন্ন করে আগামী ১১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল দেশে ফিরবেন।
জ/উ