রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগে খন্দকার সালমান হাসান মিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, অভিযোগ দায়েরের জন্য ভুক্তভোগী ছাত্রীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক সালমান টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী রাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী।
জানা গেছে, গত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় সালমানকে আটক করা হয়। ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়।
দুই দিন আগে সালমান রাজশাহীতে আসেন। অভিযোগকারী ছাত্রীর ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সালমান তাকে মুঠোফোনে কল করেন। পরিচয় জানতে চাইলে তিনি অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
পরে বিষয়টি বন্ধু ও পরিচিতদের জানান তিনি। একপর্যায়ে সালমানকে ফোন করে কৌশলে ক্যাম্পাসে আসতে বলেন। রাত দেড়টার দিকে সালমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ছাত্রীর সহপাঠীরা তাকে আটক করেন। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওই ছাত্রী অভিযোগ করেন, ‘রাত সাড়ে ৪টায় কল দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন সালমান। পরে জানতে পারি, সালমান আমার সাবেক রুমমেটের সাবেক প্রেমিক। আমি এ ঘটনার বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন সালমান। তিনি বলেন, ‘আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করতে পারে। তার সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি দেখা করতে চেয়েছিলাম।’
জ/উ