আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াই-ফাই বাড়ানো ও খরচ কমানোর পরিকল্পনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-30T20:15:15+06:00
2026-09-30T20:15:15+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াই-ফাই বাড়ানো ও খরচ কমানোর পরিকল্পনা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৮:১৫ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি ইন্টারনেট গ্রাহকদের সুবিধার্থে সেবার মূল্য বা খরচ আরও কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের অব্যবহৃত সম্পদ পুনরায় কার্যকর করা এবং ডাক বিভাগের আধুনিক পার্সেল সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির অন্যান্য সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার বিদ্যমান জনবল, কার্যক্রম, সাম্প্রতিক উল্লেখযোগ্য সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়।

মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্যের ভিত্তিতে ডাক ও টেলিযোগাযোগ খাতের বিদ্যমান নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তরঙ্গ ব্যবস্থাপনা, দেশীয় টেলিযোগাযোগ শিল্প, ডাক বিভাগের পার্সেল সার্ভিস এবং দেশজুড়ে ওয়াই-ফাই সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে সাধারণ মানুষের ভূমিসেবা পাওয়ার মান উন্নয়ন, ডাক বিভাগের ডেটাবেইজে দেশের সর্বস্তরের নাগরিকের নির্ভুল ঠিকানা সংরক্ষণের ব্যবস্থা চালু এবং শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সম্প্রসারণে এআই-সক্ষম বাংলাদেশ গড়ে তোলা, ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার, সার্বক্ষণিক কলসেন্টারের মাধ্যমে গ্রাহকদের সরাসরি অভিযোগ নিষ্পত্তি এবং সাইবার নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেয় কমিটি।

তরুণ ও নতুন প্রজন্মকে প্রয়োজনীয় দক্ষতায় গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি টেলিফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সেবার মান উন্নত করে গ্রাহকবান্ধব করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ ও সুপারিশ করা হয়।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত