অপটিমাস উৎপাদন বাড়াতে বড় চ্যালেঞ্জে টেসলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-26T16:18:17+06:00
2026-09-26T16:18:17+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
অপটিমাস উৎপাদন বাড়াতে বড় চ্যালেঞ্জে টেসলা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম 
সংগৃহীত ছবি
মানুষের মতো দেখতে এবং মানুষের মতো কাজ করতে সক্ষম রোবট তৈরির লক্ষ্যে এগোচ্ছে টেসলা। তবে উৎপাদন বাড়াতে গিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান। বিশেষ করে অপটিমাস রোবটের জটিল কাঠামো ও হাত তৈরির প্রক্রিয়া উৎপাদন বাড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে অপটিমাস রোবটের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে টেসলা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি করা হচ্ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে কয়েক শতে দাঁড়িয়েছে। তবে উৎপাদন আরও বাড়িয়ে তা নির্ভরযোগ্য পর্যায়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

সরবরাহকারীদের সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতিতে ত্রুটি এবং রোবটের হাত সংযোজনের জটিলতা-সব মিলিয়ে উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বছরের শেষ নাগাদ প্রতি সপ্তাহে ১ হাজার অপটিমাস তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে টেসলা। পরবর্তী সময়ে উৎপাদনক্ষমতা সপ্তাহে ২০ হাজারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় অপটিমাসের তৃতীয় সংস্করণ তৈরি করা হচ্ছে। আগের সংস্করণগুলোর তুলনায় এতে হালকা কাঠামো, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং আরও মানবসদৃশ নকশা যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপটিমাসের কৃত্রিম বুদ্ধিমত্তা পাঁচ লাখ ঘণ্টার বেশি বাস্তব পরিবেশের তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে এখনো রোবটটি সাধারণ উদ্দেশ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম নয়। নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা অবস্থায় তত্ত্বাবধানের মাধ্যমে টেসলার কারখানা ও পরীক্ষামূলক এলাকায় এটি ব্যবহার করা হচ্ছে।

অপটিমাসের বর্তমান সংস্করণকে এখনো চূড়ান্ত ভোক্তা সংস্করণ হিসেবে বিবেচনা করছে না টেসলা। রোবটটির স্থায়িত্ব ও যান্ত্রিক সক্ষমতায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। এ কারণে শুরুতে সরাসরি বিক্রির পরিবর্তে নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কাছে রোবট ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এমন গুদাম বা শিল্পপ্রতিষ্ঠান বেছে নেওয়া হবে, যেখানে টেসলার নিজস্ব কারখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশ রয়েছে। এতে প্রয়োজন হলে টেসলা রোবটগুলো ফিরিয়ে এনে যান্ত্রিক উন্নয়ন করতে পারবে। একই সঙ্গে বাস্তব কর্মপরিবেশ থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার সুযোগও থাকবে।

উৎপাদনের এই জটিলতার মধ্যেও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অপটিমাসকে প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে দেখছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শেষ নাগাদ অপটিমাসের বাণিজ্যিক বিক্রি শুরু হতে পারে বলে আশা করছেন তিনি।

তবে সেই লক্ষ্য পূরণে মানুষের হাতের মতো জটিল হাত ব্যাপক পরিসরে নির্ভরযোগ্যভাবে তৈরি করতে পারা টেসলার জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে থাকছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]