ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-28T14:07:43+06:00
2026-09-28T14:07:43+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে মেটা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালতের জুরি বোর্ড।

গত শুক্রবার সান্তা ফে শহরের একটি আদালতে দেওয়া রায়ে বলা হয়, অঙ্গরাজ্যটির পক্ষ থেকে চিহ্নিত মেটার ২৯টি বক্তব্যের মধ্যে ২৬টিই ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। এসব বক্তব্যের মধ্যে ব্যবহারকারীদের তথ্য কীভাবে ব্যবহৃত হয়, ঘৃণাত্মক বক্তব্য এবং ভুল তথ্য নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয় ছিল।

তবে জুরির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা রায়ের সঙ্গে একমত নন এবং নিজেদের অবস্থান রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবেন।

কয়েক বছর আগে প্রকাশ পাওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে যুক্ত রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা একটি তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। পরে জানা যায়, এভাবে সর্বোচ্চ ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে।

২০২১ সালে নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলাটি করেন। দুই সপ্তাহ ধরে শুনানি চলার পর শুক্রবার মামলার রায় দেন জুরি।

অঙ্গরাজ্যটির অভিযোগ ছিল, ব্যবহারকারীদের তথ্য কীভাবে তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করা হয়, সে বিষয়ে মেটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। একই সঙ্গে ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির নীতিমালা নিয়েও ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

নিউ মেক্সিকোর পক্ষ থেকে আরও বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের অ্যাপের কাছে যাওয়ার বিষয়টি যথেষ্ট পরিষ্কারভাবে জানানো হয়নি। ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য সংগ্রহের ক্ষেত্রেও এমন একটি অ্যাপ ব্যবহার করা হয়েছিল।

তবে আদালতে মেটার আইনজীবীরা দাবি করেন, অঙ্গরাজ্যের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বক্তব্যের কিছু অংশ আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। একই বক্তব্যের অন্য অংশে মেটা ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা এবং ভুল তথ্য নিয়ন্ত্রণের সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছিল বলেও দাবি করেন তারা। মেটা আরও জানিয়েছে, তারা ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে না।

জুরি মেটার বক্তব্যগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করার পর এখন জরিমানার পরিমাণ নির্ধারণ করবেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ। মামলায় ৪ কোটি ৩০ লাখের বেশি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। নিউ মেক্সিকোর আইনে প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ জানিয়েছেন, তাঁর দপ্তর কত পরিমাণ জরিমানা চাওয়া হবে, তা পর্যালোচনা করছে। তবে জুরির সিদ্ধান্তের ভিত্তিতে সর্বোচ্চ জরিমানা চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি মেটাকে ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনার নির্দেশ দেওয়ার আবেদন করবে অঙ্গরাজ্যটি। এর মধ্যে অতীতে দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং ব্যবহারকারীদের তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হয়, তা নিরীক্ষার ব্যবস্থা রাখার বিষয় থাকতে পারে।

তবে মেটার বিরুদ্ধে আনা সব অভিযোগ জুরি গ্রহণ করেনি। ব্যবহারকারীদের ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষিত রাখতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ এবং তথ্য যাচাইয়ের পদ্ধতি নিয়ে করা কিছু অভিযোগ প্রত্যাখ্যান করেছে জুরি।

গত ছয় মাসে নিউ মেক্সিকোয় মেটার বিরুদ্ধে এটি দ্বিতীয় জুরি রায়। এর আগে মার্চে একই শহরের একটি জুরি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে মেটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে রায় দেয়। ওই মামলায় প্রতিষ্ঠানটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

পরবর্তী সময়ে ওই মামলার দ্বিতীয় পর্যায়ের শুনানি শেষে বিচারক মেটাকে কিশোরদের মানসিক স্বাস্থ্য তহবিলে ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নিউ মেক্সিকোয় কিশোর ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুরক্ষায় কিছু ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

এর কয়েক সপ্তাহ পর শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি ও কয়েকটি মার্কিন অঞ্চলের সঙ্গে বড় ধরনের সমঝোতায় যায় মেটা। ওই সমঝোতার আওতায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ প্রায় ১ হাজার ৬৭০ কোটি ডলার দিতে সম্মত হয়।

ক্যামব্রিজ অ্যানালিটিকা-সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে মামলা করা কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে ওই সমঝোতার আওতায় ৪৫ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার বিষয়টিও ছিল। তবে নিউ মেক্সিকো ওই সমঝোতার অংশ না হওয়ায় অঙ্গরাজ্যটিতে মেটার বিরুদ্ধে মামলাটি আদালত পর্যন্ত গড়ায়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]