লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস। প্রথম অধিনায়ক হিসেবে রোমেরোকেই বেছে নিয়েছেন স্কালোনি।
আগামীকাল ভোরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাওয়া দলটি এ ম্যাচের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে যাত্রা শুরু করবে।
স্কালোনি জানিয়েছেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির পরবর্তী অধিনায়ক হিসেবে আগে থেকেই রোমেরোকে বিবেচনায় রেখেছিলেন তিনি। এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ বলেন, ‘লিও ও ওতার পর অধিনায়ক হবে রোমেরো। দ্বিতীয় অধিনায়ক হবে এমিলিয়ানো মার্তিনেস এবং তার পরেরজন লাউতারো মার্তিনেস।’
দীর্ঘদিনের অধিনায়ক মেসির বিদায়ের পর নতুন নেতৃত্বের সামনে বড় দায়িত্ব থাকলেও স্কালোনি মনে করছেন, দলটিতে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড়ের অভাব নেই।
রোমেরোর ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘সে একজন দারুণ খেলোয়াড়। তাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সে তা সামলাতে পারবে। অধিনায়কের আর্মব্যান্ড পরার অর্থ কী, তাকে তা দেখাতে হবে। তাকে অনেক কিছুতেই উন্নতি করতে হবে।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা নতুন একটি অধ্যায়ের দিকে এগোচ্ছে। সেই পরিবর্তনের অংশ হিসেবে দলে নতুন খেলোয়াড়দেরও সুযোগ দিচ্ছেন স্কালোনি। তাঁর মতে, বিশ্বকাপ শেষ হওয়ার পর দলকে কিছুটা নতুন করে সাজানোর জন্য এটিই উপযুক্ত সময়।
তবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক বিদায় এখনো হয়নি। আগামী ৭ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার।
জ/শা