ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে কৌশলে পালিয়ে গেছেন এক আসামি। পুলিশের দাবি, পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ পলায়নের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম। পলাতক রাজা ওরফে পিচ্চি রাজার বাবার নাম মোতালেব। তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন।
পুলিশের বরাতে জেল সুপার জানান, ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য গতকাল রোববার সকালে রাজা ওরফে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল।
প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারতে শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে তাকে বহন ও আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়।
সূত্রটি জানায়, পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
জ/উ