‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান স্টালিন

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-28T11:55:24+06:00
2026-09-28T11:55:24+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান স্টালিন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদ নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা চলছে। একাডেমির মহাপরিচালক হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিনের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সরকার তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পর পদটি শূন্য হলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন সাংস্কৃতিক অঙ্গনে আলোচনার বিষয়, শিল্পকলা একাডেমির মহাপরিচালকের স্থায়ী দায়িত্বে কে আসছেন। একাডেমির বিভিন্ন মহল থেকে শুরু করে মগবাজারের মিডিয়া গলি ও সেগুনবাগিচার নাট্যপাড়া-সবখানেই এ নিয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদায়ী মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন আবারও এ পদে নিয়োগের আলোচনায় রয়েছেন। আগামী দুই দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন প্রজ্ঞাপন আসতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে একাধিক ব্যক্তির নাম আলোচনায় থাকলেও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে বিদায়ী মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের ফাইলই জমা পড়েছে।

পুনর্নিয়োগের বিষয়ে আশাবাদী রেজাউদ্দিন স্টালিন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে একটি স্মার্ট শিল্পকলা একাডেমি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনভূমির প্রধান কেন্দ্র। গত এক বছর অত্যন্ত প্রতিকূল ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে আমি এই গুরুদায়িত্ব পালনের চেষ্টা করেছি। বিগত দিনে দেশের সামগ্রিক পটপরিবর্তনের পর একাডেমির প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং সাধারণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমার মূল লক্ষ্য।’

তিনি বলেন, ‘একটি বছর অত্যন্ত সংক্ষিপ্ত সময়। এই অল্প সময়ে সংস্কৃতির বিকেন্দ্রীকরণ এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটানোর যে রূপরেখা আমরা তৈরি করেছিলাম, তা পুরোপুরি বাস্তবায়ন করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। আমি সবসময়ই সাধারণ শিল্পী ও মুক্তমনা সাংস্কৃতিক কর্মীদের পাশে থেকে কাজ করতে চেয়েছি।’

রেজাউদ্দিন স্টালিন আরও বলেন, ‘সরকার যদি আমার বিগত এক বছরের কাজের মূল্যায়ন করে আবারও এই দায়িত্বে আমার ওপর আস্থা রাখেন, তবে আমি অত্যন্ত আশাবাদী যে অসম্পূর্ণ কাজগুলো সফলভাবে শেষ করতে পারব। শিল্পকলা একাডেমিকে যেকোনো জটিলতামুক্ত করে প্রকৃত অর্থেই শিল্পীবান্ধব ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেব। “সবার আগে বাংলাদেশ” স্লোগানে শিল্পকলাকে নতুন রূপ দিতে চাই।’

গত এক বছরে শিল্পকলা একাডেমির প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্থবির হয়ে পড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে রেজাউদ্দিন স্টালিন ইতিবাচক ভূমিকা রেখেছেন বলে মনে করেন একাডেমি-সংশ্লিষ্টদের একাংশ। তাঁর দায়িত্ব পালনকালে সাধারণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের কাজের ক্ষেত্র তৈরিতে একাডেমি মনোযোগী ছিল বলেও তারা জানান। এ কারণে সাধারণ শিল্পী ও কর্মকর্তাদের একটি বড় অংশ তাঁর মেয়াদ নবায়ন বা পুনর্নিয়োগের পক্ষে বলে জানা গেছে।

জনপ্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়মিত মহাপরিচালক নিয়োগ বা পুনর্নিয়োগ না হওয়া পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিল্পকলা একাডেমির দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করছেন। কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ রুটিন কার্যক্রম সচল রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির দীর্ঘদিনের মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। এরপর নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদসহ একাধিক অন্তর্বর্তীকালীন রদবদলের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে স্থায়ীভাবে দায়িত্ব পান আশির দশকের বিশিষ্ট কবি ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী রেজাউদ্দিন স্টালিন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শুধু একটি সরকারি প্রতিষ্ঠান নয়; এটি দেশের হাজারো শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বিগত দিনের স্থবিরতা কাটিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের মতে, আধুনিক ও স্মার্ট শিল্পকলা একাডেমি গড়ে তোলার যে প্রত্যাশা দেশের সাধারণ শিল্পীদের মধ্যে তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কবি ও সংগঠক রেজাউদ্দিন স্টালিনের মতো একজন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]