অবহেলা ও ভুল চিকিৎসায় পার্সিয়ান জাতের একটি অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যুর অভিযোগে রাজধানীর গুলশানে বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টার (বিএসিসি) নামের পোষা প্রাণীর চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বিড়ালটির মালিক মো. আবিবুর রহমান গত ২৪ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী মালিকপক্ষের আইনজীবী মোহাম্মাদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লিগ্যাল নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টার (বিএসিসি)-এর মালিক লাবন্য এবং প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সোলাইমান হোসাইন ও ডা. মো. জুবায়ের।
নোটিশে সাত দিনের মধ্যে অবহেলা ও ভুল চিকিৎসায় পার্সিয়ান জাতের অন্তঃসত্ত্বা বিড়ালটির মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে নোটিশ প্রেরণকারী তিনজনের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
লিগ্যাল নোটিশের অভিযোগে বলা হয়, বিড়ালটির জন্ম ২০২০ সালের ১ মে। জন্মের পর থেকেই অ্যানিমেল কেয়ার সেন্টার (বিএসিসি) থেকে সেটির চিকিৎসা করানো হচ্ছিল।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিড়ালটি গর্ভবতী কি না, তা পরীক্ষা করাতে নোটিশদাতা সেটিকে বিএসিসিতে নিয়ে যান। সেখানে ডা. সোলাইমান হোসাইন বিড়ালটি পরীক্ষা করে র্যাবিস ও ফ্লুর টিকা দেন। একই সঙ্গে তিনি জানান, বিড়ালটি সন্তানসম্ভবা এবং গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার গর্ভে দুই বা ততোধিক বিড়ালছানা রয়েছে বলেও জানান তিনি।
নোটিশে আরও বলা হয়, চিকিৎসক বিড়ালটির স্বাস্থ্য ভালো এবং গর্ভধারণের উপযুক্ত রয়েছে বলে জানান। এরপর তিনি ‘রুচির ওষুধ’ দেওয়ার কথা জানান এবং একটি প্রেসক্রিপশন লিখে দেন।
এরপর গত ১৩ সেপ্টেম্বর দুপুরে বিড়ালটিকে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে দেখে নোটিশদাতা বিএসিসির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানের রিসেপশনিস্টের পরামর্শ অনুযায়ী জরুরি সেবার অনুরোধ জানিয়ে তিনি বিস্তারিত লিখে বার্তা পাঠান।
তবে সন্ধ্যা পর্যন্ত বিএসিসির পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ না করায় ওই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিড়ালটির শারীরিক অবস্থা বোঝাতে দুটি ভিডিও ও একটি ভয়েস মেসেজ পাঠানো হয়।
জ/উ