ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও একইভাবে মনিটরিং সেল কাজ করবে।
নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনি মাঠের পরিবেশ বর্তমানে ভালো রয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জ/উ