অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরসহ ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম ও জেনিন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ওয়াফা জানায়, নাবলুসের দক্ষিণে বেইতা শহর থেকে ১৭ বছর বয়সী মাহমুদ দাহের মাহমুদ দাউদকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
তুলকারেমের শুওয়েইকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাজেদ দাবাস ও তার ২০ বছর বয়সী ছেলে আহমেদ দাবাসকে আটক করে ইসরায়েলি সেনারা। ওয়াফার তথ্য অনুযায়ী, বাড়িটিতে অভিযান পরিচালনার পর বাবা ও ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এ ছাড়া জেনিনের মাসলিয়া গ্রামে অভিযান চালিয়ে আরও তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তারা হলেন-ইসাম রাসেম আবু আল-রুব, খালেদ ফারুক আবু আল-রুব ও হানি আবু আল-রুব।
এদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তারকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান, ফিলিস্তিনিদের গ্রেপ্তার এবং সহিংসতার বিভিন্ন ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা
জ/উ