তামিল সিনেমা ‘জেলর ২’-এ ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। গতকাল রোববার সিনেমাটির নির্মাতারা প্রকাশ করেছেন তার চরিত্রের প্রথম ঝলক। নীল শাড়ি, হাতে সিগারেট আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে প্রথম দেখাতেই নজর কেড়েছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ভিডিওতে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নামতে দেখা যায় বিদ্যাকে। একপর্যায়ে সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়েন তিনি। পুরো দৃশ্যে তার অভিব্যক্তি ও শরীরী ভাষায় ফুটে উঠেছে দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব।
তবে প্রকাশিত ঝলকে বিদ্যার চরিত্রের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তাকে রজনীকান্তের চরিত্রের মুখোমুখি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ফলে ‘কান্তা’ চরিত্রটি সিনেমার গল্পে কী ধরনের ভূমিকা রাখবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বিদ্যার উপস্থিতির পাশাপাশি প্রথম ঝলকে নজর কেড়েছে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রনের আবহ সংগীতও। পর্দায় অভিনেত্রীর দাপুটে প্রবেশের সঙ্গে তাল মিলিয়ে ক্রমেই চড়তে থাকা সেই সুর দৃশ্যটির গাম্ভীর্য আরও বাড়িয়ে দিয়েছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, যোগী বাবুসহ আরও অনেকে।
এই সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে আবারও ফিরছেন বিদ্যা বালান। এর আগে ২০১৯ সালে ‘নীরকোন্ডা পারভাই’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ‘জেলর ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জ/উ