প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে ২০২৫ সালে ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। দেখতে দেখতে তাদের দাম্পত্যজীবনের এক বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের সুখের অনুভূতি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তুলে ধরেছেন জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন করে সুখ খুঁজে পাওয়ার গল্প।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্যাপন করেন ফারিয়া ও তানজিম। কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও নিজের অনুভূতি শেয়ার করেন অভিনেত্রী।
অতীতের ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরে ফারিয়া লেখেন, ‘প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না; লিটেরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি।’
জীবনের সেই কঠিন সময়ের প্রভাব থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করেছেন বলেও জানান তিনি। ফারিয়ার ভাষায়, ‘সহ্য না করতে পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কখনো কখনো রাগ ঝেড়েছি। নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি- কিছুই বাদ দিইনি। জীবন থেকে বেশকিছু বছর চলে গেছে ভেতরে জমা সেই আর্তনাদ থেকে পালাতে।’
তবে অতীতের সেই কষ্টের পর বর্তমান জীবনকে নিজের জন্য বড় পাওয়া মনে করেন ফারিয়া। দ্বিতীয় বিয়েকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করে তিনি স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফারিয়া লেখেন, ‘আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার, আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন।’
স্বামীর পরিবারের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজের অনেক কিছু ভাগ করে নিতে পারেন এবং ননদের সঙ্গে তানজিমকে নিয়েও হাসি-ঠাট্টা করতে পারেন। সবকিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার। এরপর দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
অতীতের তিক্ততা পেছনে ফেলে তানজিম ও তার পরিবারের সঙ্গে নতুন জীবনে ভালো আছেন, বিবাহবার্ষিকীর বার্তায় সেই কথাই যেন জানালেন শবনম ফারিয়া।
জ/রা