আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রধানমন্ত্রীর বাসভবনেই নয়, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মীর শাহে আলম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব চাহিদা মেটানো হবে। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও সম্প্রসারণ করা হবে।
জ/উ