রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ৩৪ জন, ওয়ারী থেকে ৬৪ জন, মতিঝিল থেকে ৭৬ জন, তেজগাঁও থেকে ৯২ জন, মিরপুর থেকে ১২০ জন, গুলশান থেকে ৩৭ জন, উত্তরা থেকে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জন রয়েছেন।
অভিযান চলাকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩ পিস লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা এবং ১২১.৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ সময় তিন বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।