রাজবাড়ীর কালুখালীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার সমাপ্তি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাটসংলগ্ন পদ্মা নদীতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
ফাইনালে পাবনার আমিনপুরের চর গোবিন্দপুর নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুরের নিউ শাপলা। প্রতিযোগিতায় চর গোবিন্দপুর নৌকা দ্বিতীয় এবং খয়রান একতা চ্যালেঞ্জার তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী নৌকার দলকে পুরস্কার হিসেবে মোটরসাইকেল ও ফ্রিজ দেওয়া হয়।
তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে পদ্মার তীরে বসে গ্রামীণ মেলা। নৌকাবাইচ ও মেলা দেখতে রাজবাড়ী, পাবনা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী নদীর তীরে জড়ো হন।
কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান তোতা। তিনি বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ চলছে। আমরা তিন দিনব্যাপী পদ্মার তীরে গ্রামীণ মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছি। প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই নৌকাবাইচ উপভোগ করেছেন। আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন এবং কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জ/উ