সাংবাদিকদের দায়বদ্ধতা শুধু জনগণের কাছে: কাদের গনি চৌধুরী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-16T18:07:15+06:00
2026-09-16T18:07:15+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সাংবাদিকদের দায়বদ্ধতা শুধু জনগণের কাছে: কাদের গনি চৌধুরী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
সাংবাদিকরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র পথ হলো জনগণের প্রতি থাকা দায়বদ্ধতার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য না লেখা।

আজ বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী, উপপরিচালক (বেতার অনুষ্ঠান) মো. আবুজার গাফফারীসহ ইনস্টিটিউটের কর্মকর্তারা ও সাংবাদিকরা।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা হলো সমাজের বিভিন্ন ঘটনা ও তথ্য সংগ্রহ করে সংবাদমাধ্যমে তা প্রকাশ বা প্রচারের প্রক্রিয়া। একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো সংগৃহীত তথ্য সঠিক ও নির্ভুল কি না, তা যাচাই করা।

তিনি বলেন, সাংবাদিকতার উদ্দেশ্য জনগণকে দেশ ও বিশ্বের সঠিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা। পাশাপাশি সমাজে সংঘটিত অন্যায় ও অনিয়ম তুলে ধরে ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং মানুষের বিবেক ও সচেতনতা বাড়ানোও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা সত্যের আরাধনা। যা সত্য, সেটিই তুলে ধরতে হবে। সত্য ও মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হতে পারে না।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বাসসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে।

ভালো সাংবাদিক হতে বই ও সংবাদপত্র পড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে লেখা বই সংগ্রহ করে নিয়মিত পড়াশোনা ও অনুশীলন করতে হবে। জানার জন্য পড়ালেখার কোনো বিকল্প নেই।

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না। কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া উচিত নয়। জনগণ দাসত্বের সাংবাদিকতাকে মনে-প্রাণে ঘৃণা করে। তাই সাংবাদিকদের ‘পেট ডগ’ বা পোষা কুকুরে পরিণত না হয়ে সমাজের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সংবাদপত্রকে ‘নিউজপেপার ইজ দ্য পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্রই জনগণের সংসদ, যার অধিবেশন সবসময় চলমান।

কাদের গনি চৌধুরী বলেন, ‘এখানে আমরা সাংবাদিকরা হলাম শিক্ষার্থী, পরীক্ষা দিই। আর আমাদের খাতা দেখেন, আমাদের পরীক্ষা নেন দেশের ১৮ কোটি মানুষ। আমরা কি ভুল লিখেছি, কি সত্য লিখেছি, কি মিথ্যা লিখেছি, লেখাটা বস্তুনিষ্ঠ কি না সেটাও কিন্তু জনগণ প্রতিদিন আমাদের পরীক্ষা করেন। তাই আমাদের দায়িত্ববোধ অনেক বেশি।’

অনলাইন সাংবাদিকতার প্রসঙ্গে বাসসের প্রধান সম্পাদক বলেন, অনলাইন সাংবাদিকতা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের মতো। শুরুতেই খেলার সুতা ধরতে জানতে হবে। প্রথম ওভারে না হলেও অন্তত পাওয়ার প্লেতে ভালো রান করতে হবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, প্রথম ওভার বলতে তিনি ব্রেকিং নিউজ এবং পাওয়ার প্লে বলতে এর ফলো-আপ অথবা বিশ্লেষণকে বুঝিয়েছেন।

অনলাইনে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘সবার আগে সঠিক সংবাদ’ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, সবার আগে সংবাদ দিতে হবে, আবার সঠিক সংবাদও দিতে হবে। সবার আগে দেওয়ার প্রতিযোগিতায় মিথ্যা, অর্ধসত্য বা অর্ধমিথ্যা সংবাদ প্রকাশ করা যাবে না।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]