ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের এক মাসের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরতে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, শিল্পকারখানাগুলোকে সচল রাখা ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে গ্যাস সংকট নিরসন প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য। সম্প্রতি দেশের শীর্ষ ২১ ব্যবসায়ী ও শিল্পনেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী গ্যাস সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতির আশ্বাস দেন।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই সেই আশ্বাস বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল থেকে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
সরকারের গত এক মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মাহ্দী আমিন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ‘ব্লু ইকোনমি’ গবেষণায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি এবং সম্পত্তির উত্তরাধিকার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে-স্কেল বাস্তবায়নের কথাও জানান তিনি। পাশাপাশি কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের দুপুরের খাবার দেওয়ার কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে, যা ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রাথমিকভাবে চালানোর পরিকল্পনা রয়েছে।
মাহ্দী আমিন বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণিচিকিৎসক নিয়োগ এবং কাওরান বাজারের পাইকারি হাট গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ