স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক

জাতীয়

2026-09-16T16:05:02+06:00
2026-09-16T16:05:02+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। স্বাস্থ্য খাতের অভিন্ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। আজ বুধবার ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বৈঠকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন, ই-হেলথ ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। ডা. এম এ মুহিত দক্ষ ই-হেলথ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে এ ক্ষেত্রে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার স্বাস্থ্য খাতে সহযোগিতার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাপনা, নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং জাতীয় খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। এ ছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে নিরাপদ পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়। বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে ডেনমার্কের চলমান সহযোগিতা এবং লবণাক্ততার কারণে বিশেষ করে নারীদের স্বাস্থ্যে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ঢাকার সায়েদাবাদ পানি শোধনাগার সম্প্রসারণ প্রকল্পে ৩০ কোটি ইউরো অর্থায়নে ডেনমার্কের অংশগ্রহণের কথা জানানো হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার ৭০ থেকে ৯০ লাখ মানুষের নিরাপদ পানি সরবরাহে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য খাতে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে নিয়মিত সমন্বয়ের বিষয়ে একমত হয় দুই পক্ষ। একই সঙ্গে স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে বাংলাদেশ-ডেনমার্ক অংশীদারিত্ব আরও কার্যকর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]