চট্টগ্রামের সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন। গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহার মাঝির বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নজরুল ইসলামের বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেডের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়িসহ ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হওয়ায় পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএনও আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও ঢেউটিন তুলে দেন।
এ সময় ইউএনও বলেন, যেকোনো দুর্যোগে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য পরবর্তী প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জ/বা