ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সাগরের দিক থেকে এসব শব্দ এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। হরমোজগান প্রদেশের সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কর্মকর্তাদের ধারণা, এসব শব্দ সমুদ্রের দিক থেকেই এসেছে।
এর আগের দিনও হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছিল ফার্স নিউজ।
আইআরএনএ গতকাল বুধবার সন্ধ্যায় হরমুজ প্রণালি থেকেও বিস্ফোরণের খবর দেয়। জাস্ক কাউন্টিতে থাকা সংস্থাটির প্রতিবেদকের বরাত দিয়ে জানানো হয়, বিস্ফোরণের আগে জলপথে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়।
পরে কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দ সমুদ্র থেকে এসেছে, নাকি দ্বীপের ভেতরে কোনো ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সর্বশেষ ঘটনাগুলোয় আবারও আলোচনায় এসেছে সিরিক এলাকা। এর আগে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের সময়ও সিরিক হামলার শিকার হয়েছিল।
তখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌসম্পদ, মাইন পাতা ও যোগাযোগ ব্যবস্থা।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সিরিক, বান্দার আব্বাস, আহভাজ ও আগাজরিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কি না কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
জ/উ