খাদ্যশিল্পে প্রযুক্তি ও মান নিশ্চিতের তাগিদ খাদ্যমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-10T16:54:11+06:00
2026-09-10T16:54:11+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
খাদ্যশিল্পে প্রযুক্তি ও মান নিশ্চিতের তাগিদ খাদ্যমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপি। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যশিল্পকে এগিয়ে নিতে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। সম্ভাবনাময় খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সরকার, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহারে খাদ্যনিরাপত্তা, কৃষক ও কৃষির উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য খাদ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ-প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

খাদ্য ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বাড়িয়ে খাদ্যপণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও বাড়বে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, অপচয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর মতো আয়োজন উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে যোগাযোগ ও সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সরকারের এসব অঙ্গীকার বাস্তবায়নেও এ ধরনের আয়োজন সহায়ক হবে।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এবারের প্রদর্শনীর আয়োজন করেছে। এতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, পোল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, তুরস্ক, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

বাপার সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বাপা, এক্সপো আয়োজক কমিটি এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের (রিমস) প্রতিনিধিরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]