কৌশলগত আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চাবাহার বন্দর থেকে ওমান উপসাগর হয়ে আরব সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত একটি সংরক্ষিত বা নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হবে। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির এক মুখপাত্র বলেন, ইরানের চাবাহার থেকে শুরু করে ওমান উপসাগর ও আরব সাগরের কিছু অংশজুড়ে এই সংরক্ষিত বা নিষিদ্ধ অঞ্চল নির্ধারণ করা হবে। ওই এলাকার মধ্য দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট অবস্থান শিগগিরই জানানো হবে বলে জানান তিনি।
এর আগে গত রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই জানিয়েছিলেন, আগামী দিনগুলোতে হরমুজ প্রণালির বাইরে একটি নিষিদ্ধ অঞ্চল প্রতিষ্ঠা করবে ইরান। তার ওই বক্তব্যের পরই আইআরজিসির মুখপাত্র সমুদ্র এলাকায় নিষিদ্ধ অঞ্চল ঘোষণার পরিকল্পনার কথা জানালেন। সূত্র: আল-জাজিরা
জ/উ