হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব অস্ত্রের সঠিক তথ্য দিলে পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সফল করতে দেশবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। অভিযানটি সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হারানো অস্ত্রের বিষয়ে তথ্য জানাতে র্যাবের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো-০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯।
এ ছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও গোপন তথ্য ও অস্ত্রের ছবি পাঠানো যাবে।
র্যাব জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে হারানো অস্ত্র উদ্ধারে সহায়তা করলে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।
জ/উ