যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদারের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের কিছু অংশজুড়ে নতুন একটি ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সঙ্গে অতিরিক্ত ব্যবহারকারীদের জন্য পেট্রোলের দাম দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে পারস্য উপসাগরের নির্দিষ্ট এলাকা নিয়ে নিষিদ্ধ অঞ্চলটি গঠন করা হবে। ওই এলাকায় প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
অভ্যন্তরীণ অর্থনীতির চাপ সামাল দিতে আগামী ৮ সেপ্টেম্বর সকাল থেকে অতিরিক্ত ব্যবহারের তৃতীয় ধাপের পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করার সিদ্ধান্ত হয়েছে। তবে মাসিক কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইরানি রিয়ালের দর ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে খোলাবাজারে এক মার্কিন ডলারের বিনিময় মূল্য ২ দশমিক ২ মিলিয়ন রিয়ালে পৌঁছেছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর অংশ হিসেবে দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে সামুদ্রিক অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র: টাইমস নাউ
জ/উ