চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-06T15:14:07+06:00
2026-09-06T15:14:07+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
সংগৃহীত ছবি
চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে একযোগে দেশের সব ইউনিয়নে ভোট না নিয়ে ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়েছে কমিশন। আসন্ন উপ-নির্বাচনে প্রযুক্তিনির্ভর ভোটিং ব্যবস্থা চালু এবং স্থানীয় সরকার নির্বাচনে নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের যে পরিবেশ তৈরি হয়েছে, তার ধারাবাহিকতায় চলতি মাসের শেষ নাগাদ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। তবে দেশের সব ইউনিয়নে একই সময়ে ভোট আয়োজন করা অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে কঠিন। এ কারণে সরকারের ব্যয় সংকোচন নীতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সব ইউনিয়নে ভোট করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ভোটের সময় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। তার ভাষ্য, নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সময়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং শিক্ষকরাই প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার্থীদের পরীক্ষার সময় বাদ দিয়ে পরীক্ষার আগে অথবা পরে ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

ভোটার স্থানান্তর নিয়েও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এটি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। কোনো বিশেষ উদ্দেশ্যে ভোটার স্থানান্তর করা হয়-এমন ধারণা সঠিক নয়। তবে অনিয়ম ও বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। সেই সময়ের মধ্যে নিয়ম মেনে সবাই ভোটার স্থানান্তরের সুযোগ নিতে পারবেন।

এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইসির কাছে দাবি জানানো হয়েছিল। এ বিষয়ে কমিশনের অবস্থান তুলে ধরে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু, নিরপেক্ষ ও গঠনমূলক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বড় বাধা হতে পারে। এতে শিক্ষকদের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্যও ক্ষতিকর।

ইসি সরকারের চাপের মধ্যে রয়েছে-জামায়াতের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কমিশন সরকারের চাপে আছে-এ ধরনের ভিত্তিহীন বক্তব্য মূলত নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে চাপে রাখার একটি কৌশল।

এদিকে আসন্ন উপ-নির্বাচনে ভোটারদের ভোটদানের প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালট ভোটিংকে সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও সহজলভ্য করাই এর লক্ষ্য বলে জানান কমিশনার।

স্থানীয় সরকার নির্বাচনেও স্বচ্ছতা নিশ্চিত ও কারচুপি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তিও কাজে লাগানো হবে।

ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ সার্বিক প্রস্তুতির মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশনার।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]