লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ ও ঘরের মালামাল পুড়ে গেছে। স্থানীয় এক যুবক নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক সোহেল হোসেনকে পরে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোহেল সোনাপুর এলাকার মৃত মো. রফিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তবে কী কারণে তিনি নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোহেল নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি এবং লক্ষ্মীপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ পুড়ে যায়। একই সঙ্গে ঘরগুলোর বিভিন্ন মালামালও আগুনে পুড়ে গেছে।
রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৈয়দ আহম্মদ জানান, অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘরের ২৪টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
জ/উ