জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-31T01:33:03+06:00
2026-08-31T01:33:03+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৩৩ এএম 
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের সময় দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে জানানো হয়েছে এ তথ্য। এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে জন্য নেওয়া হয়েছে এ ব্যবস্থা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের কারণে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করবেন ড. খলিলুর রহমান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান ড. খলিলুর রহমান। গত ২ জুন জাতিসংঘের সদর দপ্তরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য পালন করবেন এ দায়িত্ব।

সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। ফলে দীর্ঘ সময় পর এ পদে বাংলাদেশের প্রতিনিধি দায়িত্ব পাওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বহাল থাকেন।

পরে ২৩ আগস্ট জারি করা পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]