সাভারে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন নাহিদ হাসান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উজান টিভি’র কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।
গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বাদী নাহিদ হাসান বলেন, ‘আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, আমরা কেবল তার বিচার চাই। মিল্টন সমাদ্দার যেভাবে আমাদের ওপর অতর্কিত ও হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন, আমরা আইনের মাধ্যমে তার সঠিক বিচার প্রত্যাশা করছি।’
তবে এসব অভিযোগের বিষয়ে মিল্টন সমাদ্দারের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এর আগে ২৭ আগস্ট নাহিদ হাসান সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই পরবর্তী সময়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
অভিযোগে নাহিদ হাসান নিজেকে কনটেন্ট ক্রিয়েটর ও স্বেচ্ছাসেবী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন ও লোকমুখে তিনি জানতে পারেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় মিল্টন সমাদ্দার পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পরিচয়হীন শিশু ও বয়স্ক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি অসুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
নাহিদের ভাষ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট দুপুর সাড়ে ২টার দিকে বাগেরহাটের শরণখোলা থানার বকুলতলা এলাকার দশকুড়াসংলগ্ন সড়কে প্রায় ৬৫ বছর বয়সী এক অসুস্থ ও পরিচয়হীন বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন তিনি। ওই বৃদ্ধার পরিচয় বা স্বজনদের সন্ধান না পেয়ে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মিল্টন সমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়ার অনুরোধ করেন।
অভিযোগে বলা হয়, প্রথমে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে প্রতিষ্ঠানে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে অনুরোধের একপর্যায়ে আশ্রয় ও সেবা দেওয়ার বিনিময়ে মাসে ১৮ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন নাহিদ। বিষয়টি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
নাহিদের অভিযোগ, মিল্টন সমাদ্দারের কথামতো গত ২৫ আগস্ট শরণখোলা থেকে অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে নিয়ে তারা রাত আনুমানিক আড়াইটার দিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছান। সেখানে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের জের ধরে মিল্টন সমাদ্দার, প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ আরও অভিযোগ করেন, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেনকেও মারধর করা হয়। এতে ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরে অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্য-সংবলিত একটি ভিডিও ধারণ করা হয়।
নাহিদের দাবি, তার আগের পোস্ট বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের দায় এড়াতে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে রেখে দেন। একই সঙ্গে নাহিদ ও ইলিয়াসকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদ ও ইলিয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ হাসান অভিযোগ করেছিলেন, এক বৃদ্ধ নারীকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রয় দিতে নিয়ে যাওয়ার পর বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে তাদের মারধর করা হয়। একই সঙ্গে ওই বৃদ্ধার কাছ থেকে টাকা চাওয়া হয়নি—এমন বক্তব্যও জোর করে ভিডিওতে ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, মামলা নথিভুক্ত হয়েছে। আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ/উ