জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-08-27T16:16:05+06:00
2026-08-27T18:38:12+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
আইন-আদালত
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে সরকারকে আইনি নোটিশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:৩৮ পিএম
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে প্রেম এবং অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। নোটিশদাতার অভিযোগ, এ ধরনের কনটেন্টের ধারাবাহিক সম্প্রচারের ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এর প্রভাবে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন নাটক ও সিনেমায় পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে। নোটিশদাতার মতে, এ ধরনের উপস্থাপনা সমাজের প্রচলিত নৈতিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে দাবি করা হয়েছে, মূলধারার গণমাধ্যমে অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে ভূমিকা রাখছে। পাশাপাশি দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এ ধরনের কনটেন্টের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

যুবসমাজ ও সাধারণ মানুষকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং পারিবারিক মূল্যবোধ বজায় রাখাকে সামাজিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে।

সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের যুক্তি

আইনি নোটিশে মো. মাহমুদুল হাসান মামুন সাংবিধানিক বিভিন্ন বিধানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান ও আইন মেনে চলা এবং সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র কর্তব্য।

অন্যদিকে, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা স্বীকৃত হলেও শালীনতা বা নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপের সুযোগ রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞান-শিক্ষাভিত্তিক কনটেন্টের দাবি

নোটিশে দেশের প্রকৃত সংস্কৃতি রক্ষা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে কেবল প্রেমভিত্তিক নাটক ও সিনেমা নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে।

এর পরিবর্তে দেশপ্রেমিক ও নৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে কেবল প্রেমভিত্তিক সিনেমা ও নাটকের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ, পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক কনটেন্ট নির্মাণ ও সম্প্রচারে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে জননৈতিকতা ও জাতীয় সংস্কৃতি রক্ষার দাবিতে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জ/উ





  বিষয়:   রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ  আইনি নোটিশ 



Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]