ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানার আওতাধীন আশাড়িয়ার চর এলাকায় ব্রিজের সংস্কার কাজ চলায় ঢাকামুখী লেনে তীব্র যানজট ও যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংস্কার কাজ ও তা শুকানোর সুবিধার জন্য শনিবার সকাল ৬টা পর্যন্ত এই মহাসড়কের ঢাকামুখী লেনে মাত্র এক লেনে যানবাহন চলাচল করবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এশিয়া পোস্টকে বলেন, কাঁচপুর হাইওয়ে থানাধীন আশাড়িয়ার চর নামক স্থানে ব্রিজের উন্নয়ন কাজ চলমান থাকায় ঢাকামুখী লেনে সাময়িক ভাবে একটি লেন চালু রাখা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ কাজ শেষ করা এবং সদ্য কাজ হওয়া অংশ শুকানোর জন্য শনিবার সকাল ৬টা পর্যন্ত এভাবেই যান চলাচল করতে হবে।
এক লেন চালু থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উক্ত অংশে যানবাহনের চাপ বেড়ে গেছে এবং গাড়িগুলো অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি এড়াতে সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।