বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মহিলা বাস সার্ভিসের (পিংক বাস) জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা ন্যূনতম ৫ ফুট হতে হবে।
এ ছাড়া প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটি ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (৩০ আগস্ট), সোমবার (৩১ আগস্ট) ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর)-এই তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীদের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সশরীরে উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশ নিতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে বলা হয়েছে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে ২ মাস মেয়াদি ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে চালকদের থাকা ও খাওয়ার ব্যয় করপোরেশন বহন করবে।
প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে করপোরেশনের প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা পাওয়া যাবে না।
এ ছাড়া ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থী অগ্রাধিকার পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত যেকোনো প্রয়োজনে ম্যানেজার (ট্রেনিং), বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে যোগাযোগ করা যাবে। যোগাযোগের মোবাইল নম্বর ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ)।
জ/উ