ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেন। আবার আলোচনা শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো কোনো এক সময় আলোচনা শুরু হবে। তবে এই মুহূর্তে আমি মনে করি, পরিস্থিতি খুবই ভালো।’
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটিকে পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা পুরোপুরি ত্যাগ করতে হবে। তার ভাষায়, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, কারণ তারা এটি ব্যবহার করতে পারে এবং যুক্তরাষ্ট্র তা চায় না।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ যুক্তরাষ্ট্রের ‘দখলে’ রয়েছে এবং এটি এখন পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে। ইরানের কারণে জাহাজ চলাচলে বাধা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্প বলেন, ইরান মাঝে মাঝে ড্রোন হামলা চালায় এবং এর ফলে ‘সবাই যেতে পারছে না’।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর ঘোষিত নৌ-অবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। ১৯ আগস্ট পর্যন্ত অবরুদ্ধ এলাকা এড়িয়ে চলতে মার্কিন বাহিনী ৬৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।
এ ছাড়া নিয়ম না মানায় তিনটি জাহাজকে সম্পূর্ণ অচল করা হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যের সন্দেহে আরও দুটি জাহাজে উঠে সরাসরি তল্লাশি চালানো হয়েছে। আঞ্চলিক জলসীমায় দায়িত্ব পালনকারী গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস জন পল জোন্স’-এর প্রহরার ছবিও প্রকাশ করেছে মার্কিন সামরিক কমান্ড। সূত্র: গালফ নিউজ, সিএনএন
জ/উ