জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-18T07:22:13+06:00
2026-08-18T07:22:13+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
সরকারের ছয় মাসের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২২ এএম 
সরকারের প্রথম ছয় মাসের কাজের গতি ও অগ্রগতি হতাশাজনক বলে মন্তব্য করেছে এবি পার্টি। দলটির অভিযোগ, ক্ষমতায় এসে বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা থেকে সরে গেছে। দলীয়করণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস সংকট, ক্যাম্পাসে সন্ত্রাস ও অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে বলেও দাবি করেছে দলটি। গতকাল  সোমবার রাজধানীর তোপখানায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরে এবি পার্টি।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ছয় মাস সরকারের মেয়াদের এক দশমাংশ। তাই এই সময়ে সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসনব্যবস্থা, উৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য ও গণতান্ত্রিক চর্চায় আশানুরূপ উন্নতি হয়নি। বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি খারাপ হয়েছে বলে দাবি করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়, অবনতি হয়েছে জীবনমানের। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থানের প্রত্যাশা তৈরি হলেও বেকারত্ব উল্টো বেড়েছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, প্রশাসন ও স্থানীয় সরকারে দলীয়করণ সুশাসন নিয়ে মারাত্মক সংশয় তৈরি করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন সংগ্রামও কঠিন হয়ে পড়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে, যা কাম্য ছিল না। বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার ৮ থেকে ১০টি ইতোমধ্যে অমান্য করেছে বলেও দাবি করেন তিনি।

এবি পার্টি আরও অভিযোগ করেছে, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের মতামতকে উপেক্ষার বার্তা দিচ্ছে।





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]