জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-17T10:31:58+06:00
2026-08-17T10:31:58+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
‘জামায়াত ক্ষমতায় গেলে ভিন্নমতের স্পেস দেবে না’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৩১ এএম 
বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতোই আচরণ করছে। ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষের জন্য ন্যূনতম রাজনৈতিক পরিসরও থাকবে না বলে দাবি করেছেন তিনি। গতকাল রোববার (১৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

জামায়াত-শিবিরের সমালোচনা করে তিনি বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে আজকে আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির।’

রাশেদ খান আরও বলেন, ‘অতীতে আমরা বিরোধীদলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি। কিন্তু প্রধান বিরোধীদল হয়েই আওয়ামী লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।’

জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করে রাশেদ খান বলেন, তারা গণঅধিকার পরিষদকে জামায়াতমুখী করতে চেয়েছিল—এমন নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জামায়াত-শিবিরের বিষয়ে এখন সতর্ক হয়েছেন বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, ‘জামায়াত-শিবির কতটা ভয়ংকর, এখন অন্তত গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুঝতে পেরেছে এবং এর প্রেক্ষিতে সারাদেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সাধুবাদ জানাই।’

গণঅধিকার পরিষদের নেতাদের জামায়াতের পক্ষে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি, গণঅধিকার পরিষদের আর কেউ টকশো কিংবা বক্তব্যে আর কখনো জামায়াতি বয়ানে বক্তব্য দেবে না।’

এ সময় জামায়াতের মহাসচিবের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘দল হিসেবে জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণঅধিকার পরিষদকে নিয়ে আজকে যে জঘন্য বক্তব্য দিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই।’

দেশের গণতান্ত্রিক আন্দোলনে গণঅধিকার পরিষদের ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খান বলেন, ‘এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিল।’

জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খান বলেন, ‘কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]