দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এবার সেই সংখ্যা ছাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হলো। নতুন করে ৮৭০ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪৩ জন নারী ও ২৮ জন পুরুষ। এলাকাভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৫৩ জন। প্রতিদিন নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতিতে এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা এবারই দেখা গেল।
জ/শা