জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-16T08:38:45+06:00
2026-08-16T08:38:45+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
চার বছরেও চালু হয়নি স্বাস্থ্য ইনস্টিটিউট, পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর ক্ষোভ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৮ এএম 
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত থাকায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল শনিবার সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় অব্যবহৃত ভবন দেখে ক্ষোভ প্রকাশ করে ড. এম এ মুহিত বলেন, ২০২২ সালে জনগণের অর্থে ভবনগুলো নির্মাণ করা হলেও চার বছরেও সেগুলো কাজে লাগানো হয়নি। সরেজমিনে তিনি দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ দেখতে পেয়েছেন বলেও মন্তব্য করেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। এর পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি শুধু স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে সীমাবদ্ধ থাকবে না। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায়। রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফজলে বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]