জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-17T14:15:33+06:00
2026-08-17T14:21:40+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:২১ পিএম
গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।

আজ সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে।’

বিগত সরকারের আমলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া ‘লিগ্যাসি’ রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। একের পর এক ব্যাংক লোপাট হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।’

বিগত সময়ের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে রিজভী বলেন, চারদিকে অরাজকতা ও নৈরাজ্যের ধূসর পরিবেশ ছিল। কে কখন গুম হয়ে যাবে বা কে কখন অদৃশ্য হয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও চলেছে বলে তিনি দাবি করেন।

তার ভাষায়, সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই খাল, নদী বা পুকুরধারে প্রতিদিন লাশ পাওয়া যেত। এমনকি একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।’

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ অব্যাহত রয়েছে।

রিজভীর ভাষ্য, দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য-প্রতিটি ক্ষেত্রেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]