সকালে ঘুম থেকে ওঠার পর পেট ফাঁপা, গ্যাস কিংবা পেটে ভারী লাগার সমস্যায় ভোগেন অনেকেই। অনিয়মিত খাবার, পর্যাপ্ত পানি না পান করা, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব এসব কারণে হজমের অস্বস্তি বাড়তে পারে।
তবে দিনের শুরুতে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে হজমের স্বাভাবিক প্রক্রিয়া ও অন্ত্রের কার্যক্রম ভালো রাখতে সহায়তা করতে পারে। ইন্টিগ্রেটিভ লাইফস্টাইল বিশেষজ্ঞ লুক কৌটিনহোর পরামর্শ অনুযায়ী, পেটের সুস্থতার জন্য কঠিন কোনো ডায়েটের চেয়ে নিয়মিত ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ।
চলুন জেনে নেওয়া যাক সকালে মেনে চলতে পারেন এমন ৭টি সহজ অভ্যাস—
১. ঘুম থেকে উঠে পানি পান করুন
রাতে দীর্ঘ সময় পানি পান না করার পর সকালে এক গ্লাস স্বাভাবিক বা হালকা গরম পানি পান করতে পারেন। এটি শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে এবং হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে ভূমিকা রাখে।
২. খাবারে বাড়ান আঁশ
সবজি, ফল, ডাল, ওটস ও চিয়া সিডের মতো খাবারে পর্যাপ্ত আঁশ থাকে। নিয়মিত এসব খাবার খাদ্যতালিকায় রাখলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করতে পারে। তবে হঠাৎ করে বেশি আঁশ খাওয়া উচিত নয়। ধীরে ধীরে খাবারে আঁশের পরিমাণ বাড়ানো ভালো।
৩. আদা বা মৌরি দিয়ে শুরু করতে পারেন সকাল
আদা ও মৌরি দীর্ঘদিন ধরে হজমের অস্বস্তি কমাতে ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সকালে হালকা আদা বা মৌরি দিয়ে গরম পানি পান করা যেতে পারে। এতে কারও কারও পেটের অস্বস্তি কিছুটা কমতে পারে।
৪. চিয়া সিড খেতে পারেন
চিয়া সিডে প্রচুর আঁশ রয়েছে। খাওয়ার আগে পানিতে ভিজিয়ে নিলে এটি নরম হয়ে যায় এবং খাওয়া সহজ হয়। অল্প পরিমাণ চিয়া সিড দই, ওটস বা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তবে চিয়া সিড খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
৫. সকালে কিছুক্ষণ হাঁটুন
শুধু খাবারের দিকে নজর দিলেই হবে না, শারীরিক সক্রিয়তাও জরুরি। সকালে ১০ থেকে ১৫ মিনিট হাঁটার অভ্যাস করুন। নিয়মিত হাঁটা হজম ও অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে।
৬. সকালের খাবার রাখুন পরিমিত
সকালে অতিরিক্ত তেল-মসলা, ভাজাপোড়া কিংবা একসঙ্গে বেশি খাবার খেলে পেট ভারী লাগতে পারে। তাই দিনের শুরুতে সহজপাচ্য ও পরিমিত খাবার বেছে নেওয়া ভালো।
৭. খাবারের সময় ঠিক রাখুন
প্রতিদিন মোটামুটি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার চেষ্টা করুন। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস হজমের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই খাবারের সময়ের মধ্যে খুব বেশি বিরতি না রাখাই ভালো। সূত্র: এনডিটিভি
জ/শা