মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক। গতকাল রবিবার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট সংগ্রহ করে সঙ্গে রাখতে হবে।
গত জুলাইয়ে চালু হওয়া এই বিশেষ ভিসা ইস্যুর তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। ভিসার মেয়াদের মধ্যে একাধিকবার সৌদি আরবে যাওয়ার সুযোগ থাকলেও সব সফর মিলিয়ে দেশটিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের যাতায়াত ও সফরের সময়সূচি আরও সহজ ও সুশৃঙ্খল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ, ভিসার মেয়াদ এক বছর হলেও ইচ্ছামতো যেকোনো সময় নতুন সফরে সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিবার ভ্রমণের আগে নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করতে হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন সার্ভিস প্যাকেজ নিতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। একই সঙ্গে ওমরাহ পারমিটে উল্লেখ করা তারিখের সঙ্গে সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের পূর্ণ মিল থাকা বাধ্যতামূলক।
প্রথমবার ওমরাহ পালনে আগ্রহীদের ক্ষেত্রে নুসুক প্ল্যাটফর্মে সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর বন্দরে যাত্রীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। পরে দেশ ছাড়ার তথ্যও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের সর্বোচ্চ অনুমোদিত সময়ের মধ্যে মোট কত দিন সৌদি আরবে অবস্থান করেছেন, তা হিসাব করা সম্ভব হবে।
অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেও প্রতিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের আগে অনুমোদিত নতুন সার্ভিস প্যাকেজ কেনা এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে। সূত্র: সৌদি গেজেট
জ/উ