চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কমিটি গঠন করা হয়। তবে সভায় একাদশে ভর্তির নীতিমালা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, নীতিমালা চূড়ান্ত করার জন্য তিনটি কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিগুলো প্রতিবেদন দেওয়ার পর নীতিমালা চূড়ান্ত করা হবে।
এর আগে সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার কথা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা।
জ/উ