স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-13T13:07:53+06:00
2026-08-13T14:10:52+06:00
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
হাসানের ৬ শিকার, ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ২:১০ পিএম
ডারউইন টেস্টে বাংলাদেশি পেসারদের দাপটে প্রথম ইনিংসে ২০০ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৫৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রানে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস। হাসান একাই নিয়েছেন ৬ উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। বাংলাদেশের হয়ে হাসান ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এ ছাড়া এবাদত হোসেন ও তাসকিন আহমেদও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন।

ডারউইনের বাউন্সি উইকেটে নতুন বল হাতে শুরু থেকেই কার্যকর ছিলেন তাসকিন ও হাসান। দুই দিকেই সুইংয়ের পাশাপাশি বাড়তি বাউন্স আদায় করে নেন হাসান। তার করা ইনিংসের তৃতীয় ওভারে ট্রাভিস হেড ক্যাচ তুললেও বল নিরাপদ জায়গায় পড়ায় সে যাত্রায় বেঁচে যান।

তবে ১২তম ওভারে প্রথম সাফল্য পান হাসান। অফ স্টাম্পের বাইরে করা বলে ড্রাইভ করতে গিয়ে এজ হন ওপেনার ওসমান খাজা। উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে বল জমা পড়লে ২৩ রানে ফেরেন খাজা। ভাঙে ৪৫ রানের উদ্বোধনী জুটি।

এর পরের ওভারেই আবার আঘাত হানেন হাসান। ইনসুইং করা বল ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করলে ২২ রানে ফেরেন ট্রাভিস হেড।

১৭তম ওভারে এবাদতের বলে স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচ ফেলেন তানজিদ তামিম। তবে পরের ওভারেই মার্নাস ল্যাবুশেনকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন এবাদত। ২০ বল খেলে মাত্র ১ রান করেন ল্যাবুশেন।

এরপর ক্যামেরুন গ্রিন পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বাংলাদেশি বোলারদের চাপে বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ১৩ বলে ১৩ রান করে ফেরেন গ্রিন। লাঞ্চে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৪ রান।

লাঞ্চের পর স্মিথ ও অ্যালেক্স ক্যারি মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাদের ৫৫ রানের জুটি ভাঙেন এবাদত। ১৯ রান করা ক্যারি ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে বোল্ড হন।

এরপর বো ওয়েবস্টারকে ১২ রানে বোল্ড করেন তাসকিন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে চা বিরতির আগেই ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

চা বিরতির পর আক্রমণাত্মক হতে গিয়ে হাসানের খাটো লেংথের বলে টপ এজ হন স্মিথ। ৭১ রানে তার বিদায়ের মধ্য দিয়ে ফাইফার পূর্ণ করেন হাসান। এরপর নাথান লায়নকেও ফিরিয়ে ইনিংসে ৬ উইকেটের কীর্তি গড়েন এই পেসার।

শেষ পর্যন্ত ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসেই বড় চাপে পড়েছে স্বাগতিকরা।

জ/শা






  বিষয়:   বাংলাদেশ  অস্ট্রেলিয়া 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]