জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-12T12:57:22+06:00
2026-08-12T12:57:22+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
রাজনীতি
তরুণদের দাবিয়ে রাখা যায় না : এএইচএম হামিদ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম 
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব র‌্যালিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্রকে তরুণ সমাজের দায়িত্ব নিতে হবে। তাঁর অভিযোগ, রাষ্ট্র বক্তৃতা ও চাপাবাজিতে ব্যস্ত, আর দলীয় নেতারা দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত থাকায় যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই।

আজ বুধবার (১২ আগস্ট) আয়োজিত ওই র‌্যালিতে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের যুবকেরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। দেশপ্রেমিক তরুণদের দাবিয়ে রাখা যায় না, সৎ তরুণদের পিছিয়ে রাখা যায় না। আর সাহসী ও ঐক্যবদ্ধ তরুণরাই ইতিহাস রচনা করতে জানে।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের আন্দোলন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। তবে তাঁর ভাষ্য, নতুন বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা ম্লান করে দিচ্ছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশকে সমৃদ্ধ, মানবিক, উন্নত ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সংস্কারের কোনো বিকল্প নেই। তাঁর অভিযোগ, যুব সমাজকে নির্যাতন-অত্যাচার, রাষ্ট্রীয় তছরুপ, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে অপচেষ্টা হয়েছে, তা থেকে দেশকে এগিয়ে নিতে গণভোটের মাধ্যমে আসা গণরায়ের বাস্তবায়ন প্রয়োজন।

হামিদুর রহমান আযাদ বলেন, সমাজের প্রতিভাবানদের লালন এবং তাদের সামাজিক, নৈতিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে উন্নয়নের একটি রূপরেখা সেখানে রয়েছে। তাঁর প্রশ্ন, সরকার কেন সেটি বাস্তবায়ন করতে চায় না? তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে মানবাধিকার কমিশন স্বাধীন ও শক্তিশালী হবে।

মানবাধিকার কমিশন শক্তিশালী হলে অতীতে রাজনৈতিক কারণে যুব সমাজের সদস্যদের গুম ও খুনের মতো ঘটনা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা কি চান আপনার ভাইয়েরা গুম হোক? আপনারা কি চান আপনার সন্তান গুম হয়ে যাক, জীবনতন্ত্রের শিকার হোক? এটা চান? তাহলে সরকারকে বলব, অবিলম্বে সরকার বাস্তবায়ন করুন।’

তরুণদের সম্ভাবনার কথা তুলে জামায়াতের এই নেতা বলেন, যুব সমাজ উদ্যোক্তা, আবিষ্কারক ও বিজ্ঞানী হতে চায়। তারা নিজেদের প্রতিভা বিকশিত করে দেশ গড়তে এবং দেশের নেতৃত্ব দিতে চায়। কিন্তু শুধু রাজনৈতিক কারণে তাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।

দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কার হলে দুর্নীতি দমন কমিশন স্বাধীন ও শক্তিশালী হবে। তাঁর দাবি, সরকারের ‘নবউদীয়মান সন্ত্রাসী’ ও চাঁদাবাজদের চাঁদাবাজি এবং দুর্নীতির জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের এমপি-মন্ত্রীদের দুর্নীতি ও লুটপাটেরও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন তিনি।

তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় ‘তলাবিহীন ঝুড়ি’র ইতিহাসের দিকে ফিরিয়ে নেওয়া হবে কি না। তিনি বলেন, তা না চাইলে জনগণের দাবি পূরণ এবং জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের আহ্বান জানান তিনি।

তরুণদের বেকারত্বের প্রসঙ্গ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, দেশের মানুষ এখনো বেকারত্বের জ্বালায় ভুগছে। বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে প্রতি পাঁচজনে একজন বেকার বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, দেশের ভবিষ্যৎ বিবেচনায় তরুণদের কর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মক্ষেত্রে যুক্ত করার কার্যকর পরিকল্পনা নেই।

শিক্ষায় সর্বোচ্চ বাজেট দেওয়ার কথা বলা হলেও শিক্ষাঙ্গনে দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য শিক্ষায় সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে বলা হলেও শিক্ষাঙ্গন দখল, চাঁদাবাজি, ছাত্রদলের মাধ্যমে ঠিকাদারি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। এ সময় তিনি আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজে হামলার প্রসঙ্গও তুলে ধরেন এবং প্রশ্ন করেন, ‘না হয় আলিয়া মাদ্রাসা দখল করতে গেলেন কেন? জঘন্য হামলা কেন? ঢাকা কলেজে হামলা কেন? বাংলা কলেজে হামলা কেন?’

তিনি বলেন, সন্ত্রাস বন্ধ করতে হবে এবং শিক্ষাঙ্গনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলে তরুণরা শিক্ষিত ও দক্ষ হয়ে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারবে এবং দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে।

তরুণদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, তরুণদের জাগতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ সমাজকে গড়ে তোলার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে দায়িত্ব দেন। এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব।’

বিদেশে বাংলাদেশি তরুণদের মেধা পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অনেক তরুণ পড়াশোনার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফেরেন না। কারণ, তাঁদের মেধার যথাযথ মূল্যায়ন হয় না। শিক্ষিত ও যোগ্য তরুণরা উচ্চশিক্ষা শেষে দেশে ফিরলেও অন্য দেশের শ্রমিকদের সমপরিমাণ বেতন পান না, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও গবেষণার সুযোগও পান না। ফলে তারা বিদেশে গিয়ে বিজ্ঞানী হিসেবে কাজ করছেন এবং নতুন নতুন আবিষ্কারে যুক্ত হচ্ছেন।

বিদেশে বাংলাদেশি তরুণদের মেধার প্রশংসা করা হয় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সাক্ষাতে তারা বাংলাদেশি তরুণদের মেধাবী হিসেবে উল্লেখ করেন। কিন্তু সেই মেধা কাজে লাগানোর পর্যাপ্ত সুযোগ দেশে নেই। তাঁর মতে, দেশের তরুণদের উপযুক্ত সুযোগ দেওয়া হলে তারা ড্রোনসহ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে।

তিনি বলেন, তরুণদের মেধার যথাযথ মূল্যায়ন না হওয়ায় মেধা পাচার হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি শুধু বক্তৃতা না দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ও শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আর দেশকে পিছনে যেতে দেব না।’

শহীদদের রক্ত ও আহত বীরদের ত্যাগের প্রেরণায় তরুণদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে তরুণদের যোগ্য করে গড়ে তুলে তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিতে হবে। অন্যথায় সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যরা এসে তরুণদের গড়ে তুলবে।

তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ শক্তিকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না-এমন অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে হবে।

সবশেষে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে, যুব সমাজের জয় হোক, বাংলাদেশের জয় হোক, দেশবাসী ও জাতির উন্নয়ন সর্বত্র প্রতিফলিত হোক।’

র‌্যালিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগরের নেতারা অংশ নেন।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]