আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর আজ বুধবার (১২ আগস্ট) চতুর্থ দিনের মতো শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি হওয়ার কথা।
এর আগে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) তৃতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।
জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান জানান, গত ২৮ জুলাই এ মামলার আপিলের শুনানি শুরু হয়। এরপর ২ আগস্ট ও ১১ আগস্ট শুনানি অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এমএমজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি সমাবেশ চলাকালে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারা যান।
২০০৫ সালে নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে আসে। একই সঙ্গে আসামিরাও ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি (পরে প্রধান বিচারপতি) ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। সাতজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু, মাহবুবুর রহমান মাহবুব, শহিদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ এবং সোহাগ ওরফে সরু। এর মধ্যে শহিদুল ইসলাম শিপু ৪ জানুয়ারি কাশিমপুর কারাগারে মারা যান। যাবজ্জীবন দণ্ড বহাল থাকা দুই আসামি হলেন টিপু ও নুরুল আমিন।
মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা কমানো আসামিরা হলেন মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ, হোসেন মজনু, আনোয়ার হোসেন ওরফে শানু, রতন মিয়া ওরফে বড় রতন মিয়া, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, আবু সালাম ওরফে সালাম এবং মশিউর রহমান ওরফে মনু।
অন্যদিকে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, লোকমান ও দুলাল মিয়া। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপরই বর্তমানে আপিল বিভাগে শুনানি চলছে।
জ/উ