হত্যাচেষ্টা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্যকে সোমবার জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। আদালতে গাজী নজরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
মামলার নথি অনুযায়ী, গত ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, এমপির কথিত ব্যক্তিগত সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাকে সন্দেহ করার জেরে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
এদিকে, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে এক তরুণীর সঙ্গে গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ‘নৈতিক স্খলনের’ অভিযোগে জরুরি বৈঠক ডেকে ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এখন হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পাওয়ায় তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে।
জ/শা