সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের দুই শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪২ পয়েন্টে দাঁড়ায়। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৭৬ ও ২ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করে।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৪৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৮৪টির দর কমেছে এবং ৬৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—এমএল ডায়িং, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, মুন্নু ফেব্রিকস, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রানার অটো।
শুরু থেকেই ঊর্ধ্বমুখী ডিএসইএক্স
আজ সোমবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের অবস্থান থেকে ৮ পয়েন্ট বেড়ে যায়।
এরপর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আরও ৫ পয়েন্ট বাড়ে। পরবর্তী সময়েও সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
লেনদেন শুরুর ৩০ মিনিট পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছিল।
সিএসইতেও সূচকের উত্থান
অন্যদিকে, আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ও সূচকের গতি ছিল ঊর্ধ্বমুখী।
বেলা ১১টা পর্যন্ত সিএসইতে ১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারদর বেড়েছে, ২৫টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।