সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবির শুটিংয়ের আগে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ একটি ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া।
জয়তী ভাটিয়া বলেন, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামলীলা’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের জন্য দীপিকাকে প্রস্তুত করার দায়িত্ব তার ওপর ছিল। উদ্দেশ্য ছিল, লাজুক স্বভাব কাটিয়ে চরিত্রের প্রয়োজনে তাকে আরও স্বতঃস্ফূর্ত করে তোলা।
তার ভাষ্য অনুযায়ী, পরিচালক সঞ্জয় লীলা বানসালির নির্দেশনায় সাত দিনের একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করা হয়। সেখানে একটি অনুশীলনের অংশ হিসেবে দীপিকাকে সব ধরনের সংকোচ ঝেড়ে ফেলে জোরে গালাগাল দিতে বলা হয়েছিল।
জয়তী জানান, বানসালির অফিসের বারান্দায় দাঁড়িয়ে দীপিকাকে উচ্চস্বরে গালাগাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার দাবি, শুরু করার পর দীপিকা নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ধরে গালাগাল চালিয়ে যান এবং এমন কিছু শব্দ ব্যবহার করেন, যা তিনি আগে কখনো শোনেননি। জয়তীর মতে, এ অনুশীলনের মাধ্যমে দীপিকা নিজের ভেতরে জমে থাকা সংকোচ ও আবেগ প্রকাশ করতে সক্ষম হন।
জ/উ