রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৭৪ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১১৫ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৫২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তির সিল ও স্বাক্ষরসংবলিত ৪১টি সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
এ ছাড়া এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশীয় মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জ/উ