স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, তবে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে সরকার নয়; এ বিষয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতই সিদ্ধান্ত নেবে।
গতকাল বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন বিরোধী দলের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের পথ বাধাগ্রস্ত হলে সহিংস আন্দোলন অনিবার্য হয়ে ওঠে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক পক্ষের বলে দাবি না করে এর অর্জন সবার সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে নিজের রাজনৈতিক মূল্যায়নও তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের ১৮তম সংশোধনী গুরুত্বপূর্ণ হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় প্রত্যাশা পূরণে একটি কার্যকর সংবিধান সংশোধনী প্রয়োজন।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। পাশাপাশি ইলিয়াস আলীসহ গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া গণভোটের গণরায় বাস্তবায়নে সংবিধান সংশোধন-সংক্রান্ত আলোচনায় বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জ/উ