আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-06T17:27:34+06:00
2026-08-06T20:53:10+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৮:৫৩ পিএম
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি নতুন সমঝোতা চূড়ান্ত করার পথে রয়েছে ইরান। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, কেবল ওমানের সঙ্গে চুক্তি হলেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

ইরানের দাবি, প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী সমঝোতা লঙ্ঘনের অভিযোগে নেওয়া পদক্ষেপ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ওয়াশিংটনকে এমন সব পদক্ষেপ থেকে সরে আসতে হবে, যেগুলো তেহরানের মতে আগের চুক্তির পরিপন্থী ছিল।

ইরানের দাবির মধ্যে রয়েছে—দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পুনর্বহাল করা নিষেধাজ্ঞা, বিশেষ করে তেল খাতের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা। ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে পুনরায় আলোচনা শুরু করা। জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননের স্থিতিশীলতা নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থতার বিষয়টি সমাধান করা।

গারিবাবাদিকে প্রশ্ন করা হয়, নতুন উদ্যোগটি কি মূলত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির ৫ নম্বর ধারা বাস্তবায়নের অংশ? ওই ধারায় ৬০ দিনের জন্য নিরাপদ বাণিজ্যিক নৌ চলাচল নিশ্চিত করতে ইরান ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

জবাবে তিনি বলেন, না। ধারা ৫ কেবল কিছু দিকনির্দেশনামূলক নীতি নির্ধারণ করেছিল, এটি কোনো চূড়ান্ত কার্যকর পরিকল্পনা ছিল না।

তিনি আরও বলেন, নতুন ইরান-ওমান সমঝোতা সম্পূর্ণ নতুন একটি কাঠামো, যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন। এটি গত প্রায় ৬০ বছরের ব্যবস্থার ধারাবাহিকতা নয়।

গারিবাবাদির ভাষ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুটেও পরিবর্তন আসবে। বাণিজ্যিক জাহাজের একটি বড় অংশ ইরানের আঞ্চলিক জলসীমা ব্যবহার করবে, আর বাকি অংশ চলাচল করবে ওমানের জলসীমা দিয়ে।

তিনি দাবি করেন, এই ব্যবস্থা হরমুজ প্রণালির ওপর কার্যকর সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি নতুন কৌশলের প্রতিফলন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তিকালীন পরিস্থিতিতে নিয়মিতভাবে হরমুজ প্রণালি বন্ধ রাখার নীতি অনুসরণ করতে চায় না ইরান।

বিশ্লেষকদের মতে, তেহরানের সাম্প্রতিক অবস্থান থেকে স্পষ্ট যে, ইরান হরমুজ প্রণালিকে শুধু একটি আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হিসেবে নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক দরকষাকষির গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবেও বিবেচনা করছে। তাই ওমানের সঙ্গে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অগ্রগতি ছাড়া হরমুজ প্রণালিতে দ্রুত পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফিরে আসার সম্ভাবনা আপাতত কম। সূত্র: সিএনএন

জ/শা





  বিষয়:   ইরান  ওমান  হরমুজ প্রণালি 



Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]